আজকে আমাদের আলোচনার বিষয় বিনাশ্রম সাজাপ্রাপ্ত বন্দী
Table of Contents
বিনাশ্রম সাজাপ্রাপ্ত বন্দী

বিধি-৯৩৪।
বিনাশ্রম ‘এ’ শ্রেণীর সাজাপ্রাপ্ত বন্দীদেরকে সশ্রম সাজাপ্রাপ্ত বন্দীদের এবং ‘বি’ শ্রেণীর বন্দীদের থেকে পৃথক রাখতে হবে,যদি তারা শ্রমের জন্য নির্বাচিত না হয়ে থাকে (সে ক্ষেত্রে তাকে সাজাপ্রাপ্ত সশ্রম বন্দীদের সঙ্গে কাজের সময় একত্রে থাকতে হবে)। যদি সম্ভব হয়, ‘বি’ শ্রেণীর বিনাশ্রম বন্দীদেরকেও পৃথক রাখতে হবে,যদি সম্ভব না হয় তাদেরকে ‘বি’ শ্রেণীর সশ্রম বন্দীদের সঙ্গে রাখতে হবে।
বিধি-৯৩৫ ।
যদি কোন ডিভিশন-III সাজাপ্রাপ্ত বিনাশ্রম বন্দীকে নৈতিক অসৎ চরিত্রের কারণে জেলা-ম্যাজিষ্ট্রেট পৃথক ব্যতিক্রম স্থানে রাখা প্রয়োজন মনে করেন,তিনি বিষয়টি কারা মহাপরিদর্শকের নিকট প্রেরণ করবেন। যদি কারা মহাপরিদর্শক জেলা -ম্যাজিষ্ট্রেটের সঙ্গে একমত পোষণ করেন তবে, তিনি ঐ বন্দীকে “প্রথম ডিগ্রীর খারাপ স্বভাবের” শ্রেণীভুক্ত করে যেরূপ প্রয়োজন মনে করেন,সেরূপ পৃথক আবাসনের ব্যবস্থা করবেন। যদি তিনি জেলা-ম্যাজিষ্ট্রেটের সাথে একমত পোষণ না করেন, তা হলে বিষয়টি তিনি সরকারের সিদ্ধান্তের জন্য প্রেরণ করবেন।
বিধি-৯৩৬।
ডিভিশন-III বন্দীকে “প্রথম ডিগ্রীর খারাপ স্বভাবের” শ্রেণীভুক্ত করা হলে সে ১০৯৫ বিধিতে বর্ণিত দ্বিতীয় শ্রেণীর খাবার পাবে।
বিধি- ৯৩৭।
বিনাশ্রম সাজাপ্রাপ্ত বন্দীদেরকে দিনের বেলায় কারাগারের একটি নির্দিষ্ট এলাকায় থাকতে দেয়া হবে, কিন্তু সশ্রম বন্দীদের ওয়ার্ডে প্রবেশ করতে দেয়া হবে না এবং সশ্রম সাজাপ্রাপ্ত বন্দীদের সাথে মিশতে দেয়া হবে না। যদি তারা কাজের জন্যে নির্বাচিত হয়ে থাকে,সে ক্ষেত্রে তারা নির্ধারিত গ্যাংয়ের সাথে থাকবে।
বিধি-৯৩৮ ।
কিছুটা নমনীয়তা সাপেক্ষে তাদেরকে কারাগারের-নিয়মাবলী মেনে চলতে হবে। বিনাশ্রম বন্দীদেরকে নিজের পোশাক পরিধানের অনুমতি দেয়া হবে। চিকিৎসার প্রয়োজন ব্যতীত তাদেরকে চুল দাঁড়ি কাটার বাধ্য বাধকতা পালন করতে হবে না। কোন বিনাশ্রম সাজাপ্রাপ্ত বন্দীর নিজের পোশাক পর্যাপ্ত না থাকলে জেল সুপার কারাগার থেকে প্রয়োজনীয় পোশাক সরবরাহের নির্দেশ প্রদান করবেন।
বিধি-৯৩৯।
বিনাশ্রম বন্দীদেরকে সাজাপ্রাপ্ত সশ্রম বন্দীদের মতো কম্বল এবং বেডিং, কাপ এবং প্লেট সরবরাহ করা হবে। যখন ব্যবহারে থাকবে না কম্বল ভাঁজ করে রাখতে হবে এবং কাপ-প্লেট পরিষ্কার করে ধৌত করে রেখে দিতে হবে।
বিধি-৯৪০।
বিনাশ্রম বন্দীদেরকে তাদের পরিধেয় পরিষ্কার এবং ভাল অবস্থায় রাখতে হবে। তাদেরকে তাদের ওয়ার্ডের আঙিনা পরিষ্কার রাখতে হবে। তাদেরকে অন্য কোন কাজ করতে হবে না এবং অন্যদের জন্যে কোন মেনিয়াল সার্ভিসে নিয়োজিত হতে হবে না বা নিম্ন শ্রেণীর কোন কাজ করতে হবে না ।
বিধি-৯৪১।
প্যারেড,ব্যয়াম এবং রাত্রে ছাড়া অন্য সময় তাদেরকে তাদের ওয়ার্ডে একত্রে পরস্পরের সঙ্গে মেলামেশা করতে দেয়া হবে।
বিধি-৯৪২।
কোন বিনাশ্রম সাজাপ্রাপ্ত বন্দী কারাগারে স্বেচ্ছায় কাজ করতে আগ্রহী হলে মেডিকেল অফিসারের সার্টিফিকেট মোতাবেক দৈহিক সামর্থ্য অনুযায়ী তাকে উপযুক্ত কাজ দেয়া যেতে পারে। যদি সে সন্তোষজনক ভাবে কাজ করতে পারে তবে তাকে প্রথম শ্রেণীর স্কেলে খাবার দেয়া হবে। যদি সে সন্তোষজনক ভাবে কাজ করতে না পারে তবে জেল সুপার তাকে বিনাশ্রম স্কেলে খাবার দেয়ার শাস্তি প্রদান করতে পারবেন।
যদি সে কাজ করতে না চায় এবং তার নিজের মূল শ্রেণীতে ফেরত যেতে চায়, তবে তাকে অনুমতি দেয়া হবে । বিনাশ্রম সাজাপ্রাপ্ত বন্দীর কাজের জন্যে রেয়াতে বিষয়ে ৭৫৩ বিধি অনুসরণ করতে হবে।
বিধি-৯৪৩।
বিনাশ্রম বন্দীদেরকে অনধিক সকালে এক ঘন্টা এবং বিকালে এক ঘন্টা হাঁটতে হবে, যদি জেল সুপার এবং মেডিকেল অফিসার উপযুক্ত মনে করেন।

বিধি-৯৪৪।
এ অধ্যায়ে বর্ণিত ব্যতিক্রম এবং খাবার সংক্রান্ত অধ্যায়ের ব্যতিক্রম ব্যতীত এই কোডে বর্ণিত সাজাপ্রাপ্ত ফৌজদারি বন্দীদের সকল বিধি বিনাশ্রম বন্দীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে; তবে শর্ত থাকে যে, বিনাশ্রম বন্দীদের জন্য ২, ৫ এবং ৭ নম্বর লঘু শাস্তি এবং ২ নম্বর গুরু শাস্তি প্রযোজ্য হবে না, যদি না তারা রেয়াত ব্যবস্থার অধীনে থাকে ।