আজকে আমাদের আলোচনার বিষয় বন্দীদের কাজে নিয়োগ
Table of Contents
বন্দীদের কাজে নিয়োগ

৩৪। সিভিল বন্দীদের কাজে নিযুক্তি।-
(১) সিভিল বন্দীগণ সুপারিনটেন্ডেন্টের অনুমোদন ক্রমে কোন কাজ বা কোন ব্যবসা বা পেশায় নিয়োজিত হইতে পারিবেন ।
(২) সিভিল বন্দীগণ নিজস্ব যন্ত্রপাতি ব্যবহার করিলে এবং কারাগরের ব্যয় হইতে তাহাদের ভরণ-পোষণ করা না হইলে, তাহাদের সম্পূর্ণ আয় তাহারা গ্রহণ করিতে পারিবেন; কিন্তু কারাগারের যন্ত্রপাতি বা কারাগরের ভরণ-পোষণ ব্যয় হইয়া থাকিলে, সুপারিনটেন্ডেন্ট কর্তৃক যন্ত্রপাতি বা ভরণ-পোষণ ব্যয় তাহাদের আয় হইতে কর্তন করা হইবে ।
৩৫। ফৌজদারি বন্দীদের কাজে নিযুক্তি।-
(১) সশ্রম দণ্ডে দণ্ডিত কিংবা নিজের ইচ্ছায় শ্রমে নিয়োজিত কোন ফৌজদারি বন্দীকে, সুপারিনটেন্ডেন্টের লিখিত অনুমতিক্রমে জরুরী প্রয়োজন ব্যতীত, দৈনিক ৯ ঘন্টার বেশী কাজে নিয়োজিত রাখা যাইবে না ।
(২) মেডিকেল অফিসার শ্রমে নিয়োজিত বন্দীদের সময়ে সময়ে পরীক্ষা করিবেন, এবং কমপক্ষে প্রতি পাক্ষিকে একবার শ্রমে নিয়োজিত প্রত্যেক বন্দীর ওজন হিস্ট্রি টিকেটে রেকর্ডের ব্যবস্থা করিবেন।
(৩) যখন মেডিকেল অফিসার মতামত প্রদান করেন যে, শ্রমে নিয়োজিত কোন বন্দী কোন প্রকার বা শ্রেণীর শ্রমের কারণে পীড়িত হইতেছে, সে বন্দীকে ঐ শ্রমে নিয়োজিত রাখা যাইবে না, তবে মেডিকেল অফিসারের বিবেচনা মতে অন্য কোন প্রকার সুবিধাজনক শ্রমে তাহাকে নিয়োজিত করা যাইবে ।
৩৬। বিনাশ্রম ফৌজদারি বন্দীদের কাজে নিযুক্তি।

সকল বিনাশ্রম ফৌজদারি বন্দীদের কাজে নিয়োজিত (যতক্ষণ পর্যন্ত তাহারা আগ্রহ প্রকাশ করে) করিবার জন্য সুপারিনটেন্ডেন্ট কর্তৃক নিয়ম করা যাইবে; কিন্তু সশ্রম কারাদণ্ডে দণ্ডিত না হইলে কোন বন্দীকে কাজে অবহেলার করিবার জন্য ডায়েট স্কেল পরিবর্তন, যাহা অনুরূপ কোন বন্দীর কাজে অবহেলার জন্যে কারাগারের নিয়ম হিসেবে চালু করা যাইতে পারে, ব্যতীত অন্য কোন শাস্তি প্রদান করা যাইবে না ।