আজকে আমাদের আলোচনার বিষয় দণ্ডসমূহ কার্যকর করণ
Table of Contents
দণ্ডসমূহ কার্যকর করণ

১৪। এই ভাগে কারাগার, প্রভৃতির উল্লেখে রিফরমেটরী স্কুলকেও বুঝাইবে।-
এই ভাগে কারাগার বা কারাবাস বা অন্তরীণ প্রভৃতির সকল উল্লেখে রিফরমেটরী স্কুল বা সেখানে আটক রাখাকেও বুঝাইবে ।
১৫। কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের কতিপয় আদালতের দণ্ড কার্যকর করিবার ক্ষমতা।-
(১) কারাগার সমূহের ভারপ্রাপ্ত কর্মকর্তাগন কোন ব্যক্তিকে আটক রাখিবার জন্য কোন দণ্ড বা আদেশ বা ওয়ারেন্ট কার্যকরী করিতে পারিবেন, যাহা জারী হইয়াছে-
(ক) সরকারের সাধারণ বা বিশেষ কর্তৃত্বে কার্যরত কোন আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক, বা কোন আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক যা ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখের পূর্বে বর্তমান বাংলাদেশ এলাকায় কার্যরত কোন সরকারের সাধারণ বা বিশেষ কর্তৃত্বে কার্যরত ছিল ।
(খ) বাতিল ।
(গ) বাতিল ।
(২) বাতিল ।
১৬। অনুরূপ আদালতের কর্মকর্তার ওয়ারেন্ট যথেষ্ট হইবে।-
১৫ ধারায় বর্ণিত অনুরূপ আদালত বা ট্রাইব্যুনালের কর্মকর্তার অফিসিয়াল স্বাক্ষরকৃত ওয়ারেন্ট কোন ব্যক্তিকে আটক রাখিবার জন্য বা কোন ব্যক্তিকে তাহার উপর আরোপিত দণ্ড মোতাবেক দ্বীপান্তরে প্রেরণের জন্য যথেষ্ট কর্তৃত্ব হইবে।
১৭। এই ভাগের অধীনে কার্যকর করিবার জন্য প্রেরিত ওয়ারেন্টের বৈধতা সম্পর্কে কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার সন্দেহ হইলে পদ্ধতি।-
(১)যেখানে কোন কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাহার নিকট এই ভাগের অধীনে কার্যকর করিবার জন্য প্রেরিত কোন ওয়ারেন্ট বা আদেশের বৈধতা সম্পর্কে বা, যে কর্মকর্তার সীল বা স্বাক্ষরে দণ্ডাদেশ প্রদান করা হইয়াছে এবং ওয়ারেন্ট বা আদেশ জারী হইয়াছে তাহার উপযুক্ততা সম্পর্কে সন্দেহ করেন, তিনি বিষয়টি সরকারের নিকট প্রেরণ করিবেন, যাহার আদেশে তিনি এবং অন্যান্য সরকারী কর্মচারীগণ বন্দীদের ভবিষ্যৎ নিষ্পত্তি করিবেন
(২) উপ-ধারা (১) অনুযায়ী সরকারের নিকট প্রেরিত বিষয় অনিষ্পন্ন থাকা পর্যন্ত বন্দীকে ওয়ারেন্ট বা আদেশে বর্ণিত উপায়ে এবং বাধা-নিষেধের আওতায় আটক রাখিতে হইবে।
১৮ । বাংলাদেশ, প্রভৃতিতে সাধারণত কার্যকর যোগ্য নয় এমন কতিপয় মৃত্যুদণ্ড কার্যকর করণ।-
(১) যেখানে বাংলাদেশ এলাকার বাহিরে অনুরূপ এলাকার এখতিয়ার সম্পন্ন সরকার কর্তৃক স্থাপিত কোন আদালত –
(ক) কোন ব্যক্তিেেক মৃত্যুদণ্ড প্রদান করে, এবং
(খ) ঐ এলাকার মধ্যে অনুরূপ ব্যক্তিকে নিরাপদে আটক রাখার স্থান নাই কিংবা শোভনীয় এবং মানবিক উপায়ে দণ্ড কার্যকর করিবার সুবিধাদি না থাকায় অনুরূপ দণ্ড বাংলাদেশে কার্যকরী করা যাইতে পারে, মনে করিয়া ওয়ারেন্ট বাংলাদেশের কোন কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জারী করে, অনুরূপ কর্মকর্তা, ওয়ারেন্ট প্রাপ্তির পর, ওয়ারেন্টটি যেন ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৩৮১ ধারা মোতাবেক যথাযথভাবে জারী করা হইয়াছে, সেই রকম গণ্য করিয়া উহাতে বর্ণিত স্থানে অনুরূপ উপায়ে ও শর্ত সাপেক্ষে দণ্ড কার্যকর করিবার ব্যবস্থা করিবেন।
(২) পূর্বে বর্ণিত অনুরূপ ওয়ারেন্ট মোতাবেক ঐ কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকারের সাধারণ বা বিশেষ আদেশ মোতাবেক দণ্ড কার্যকর করিবেন ।
(৩) কোন আদালত এই ধারার উদ্দেশ্য অনুযায়ী, সরকার কর্তৃক প্রতিষ্ঠিত আদালত বলিয়া গণ্য হইবে, যদি সভাপতিত্বকারী বিচারক বা যদি আদালত দুই বা ততোধিক বিচারক সমন্বয়ে গঠিত হয়, কমপক্ষে একজন বিচারক সরকারের একজন কর্মকর্তা হন, যিনি সরকার কর্তৃক অনুরূপ বিচার কাজের ক্ষমতা প্রাপ্ত, তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার অধীনে কোন ট্রাইব্যুনাল কর্তৃক জারীকৃত প্রত্যেকটি ওয়ারেন্ট যদি ট্রাইব্যুনালটি একজনের বেশী সংখ্যক বিচারক সমন্বয়ে গঠিত হয়, তবে এমন একজন বিচারক দ্বারা স্বাক্ষরিত হইবে, যিনি সরকার কর্তৃক পূর্বে বর্ণিত অনুরূপ ক্ষমতা প্রাপ্ত একজন কর্মকর্তা হন ।

পঞ্চম ভাগ: ধারা ১৯-২৭ বাতিল।